গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা অভিভাবক শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের কোনো অভিযান চালানো হয়নি। তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন খবরও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (২৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
রাশেদ খাঁন জানান, এ বিষয়ে তিনি গাজীপুরের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। পুলিশ শাহজালাল রুমিকে গ্রেফতারের কোনো সিদ্ধান্ত নেয়নি এবং তাকে আটক করতে কোনো অভিযানও পরিচালনা করেনি। পাশাপাশি, সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে পুলিশকে কোনো পরামর্শ দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।
তার দাবি, কয়েকটি গণমাধ্যমে শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযানের বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মোসলেহ উদ্দিনকে থাপ্পড় মারার ঘটনায় আলোচনায় আসেন শিশুটির অভিভাবক শাহজালাল রুমি।
প্রতিবেদকের নাম 



















