চট্টগ্রামের হালিশহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি, মারধর ও মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. সাইফুল ওরফে ‘ভেড়া সাইফুল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে হালিশহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এ মামলায় এর আগে এজাহারভুক্ত দুই আসামি সৈকত ও মো. আরিফ হোসেন এবং ১৭ বছর বয়সি এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল। সাইফুলকে নিয়ে এ পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী আবুল হোসাইন দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার। গত ১৪ অক্টোবর বিকেলে হালিশহরের রমনা আবাসিক এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে ১০ থেকে ১২ জন ব্যক্তি তাকে ঘিরে ধরে মারধর করেন। পরে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে তাকে একটি নির্জন স্থানে নিয়ে জিম্মি করা হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, সাংবাদিকের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর আরও দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর আদায় করা হয়। পরে বিভিন্ন লেনদেনের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে আরও ৫৫ হাজার ৩০০ টাকা সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ৭০ হাজার ৩০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সাংবাদিককে হেয় ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে জোর করে মিথ্যা স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়। পাশাপাশি ঘটনা প্রকাশ বা পুলিশের কাছে অভিযোগ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় গত ১৫ অক্টোবর হালিশহর থানায় মামলা করেন ওই সাংবাদিক। পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র: ঢাকা পোস্ট।
প্রতিবেদকের নাম 
























