দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের “এক দফা, এক দাবি—মিলনের পদত্যাগ” এবং “তুমি কে, আমি কে, ফার্মের মুরগি” স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে বলেও তারা দাবি করেন। এর প্রতিবাদেই তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
এদিকে একই দিনে রাজধানীর শাহবাগ, উত্তরা ও মিরপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন পরীক্ষার্থীরা। এছাড়া রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর সায়েন্সল্যাব মোড় ছাড়া অন্য কোথাও বিক্ষোভ বা সড়ক অবরোধ শুরু হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 




















