দেশের শিক্ষিত বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যবসা পরিচালনার জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
মঙ্গলবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বেকারত্ব দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। জেলা প্রশাসকদের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের তালিকা তৈরি করা হবে। এরপর তাদের ব্যবসা পরিচালনার জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হবে।
দেশের অর্থনীতি প্রসঙ্গে আহম্মদ সোহেল মনজুর বলেন, আগের সরকারের দীর্ঘ সময়ের শাসনে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সপ্তাহের সাত দিনই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গত ছয় মাসে দুস্থ ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অনেক নেতা-কর্মীকে প্রাণ দিতে হয়েছে। জনগণের ভোটের মাধ্যমে দেশে আবারও গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে।
পিরোজপুরের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতে সংঘটিত বিভিন্ন অনিয়মের অবসান ঘটিয়ে জেলায় বন্ধ থাকা উন্নয়নকাজগুলো দ্রুত পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ, ইভ টিজিং ও সন্ত্রাস নির্মূল করে নিরাপদ সমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আহম্মদ সোহেল মনজুর বলেন, রাজনীতিতে ব্যক্তি হিসেবে কী পাওয়া গেল, সেটির চেয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য কী করা গেল—সেদিকে গুরুত্ব দিতে হবে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান তিনি।
ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মল্লিক জোমাদ্দার।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে ভান্ডারিয়া শহরের প্রধান সড়কগুলোতে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
প্রতিবেদকের নাম 




















