সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে দেশের ১৬ জেলায় ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগরসহ ১৬ জেলায় ২৩টি টিম একযোগে ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের প্রতিষ্ঠানে অভিযান চালায়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান এবং সিলিন্ডারের নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ বা ত্রুটিপূর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, সেটিও দেখা হয়।
বাজারে কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে সিলিন্ডার মজুত ও সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির নির্দেশ দেওয়া হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, গ্যাস সিলিন্ডার কেনার সময় ক্রেতাদের ওজন, সিল, মেয়াদ এবং সিলিন্ডারে দৃশ্যমান কোনো ত্রুটি আছে কি না, তা যাচাই করা উচিত। একই সঙ্গে মূল্যতালিকা দেখে পণ্য কেনা এবং রশিদ বা ভাউচার সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
গ্যাস সিলিন্ডার বিক্রিতে কোনো অনিয়ম বা অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ থাকলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
প্রতিবেদকের নাম 




















