ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
তবে সরকারি নতুন দাম ঘোষণার আগেই বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছিল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২ নভেম্বর) রাত ৯টা ১৩ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘১২ কেজির সিলিন্ডারপ্রতি ২২৩ টাকা দাম বাড়িয়ে গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ২০৬০ টাকা। অথচ বাজারে আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকা করে।’
এর আগে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এলপিজির দাম বাড়ানোর ঘোষণা দেয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সোমবার রাত ৮টার পর থেকে নতুন দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই দেশের এলপিজি বাজারে অস্থিরতা শুরু হয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেন। এর ফলে খুচরা বাজারে ১ হাজার ৫৮৫ টাকার এলপিজি সিলিন্ডার কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে থাকে।
সরকারি মূল্য নির্ধারণের পরও বাজারে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ নতুন করে ভোক্তাদের ভোগান্তি ও বাজার নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
প্রতিবেদকের নাম 
























