ঢাকার সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মার্কেটটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. তুষার আলী একটি গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৬টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার একটি মার্কেটে আগুন লাগার খবর পান তাঁরা। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 






















