চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। এর আগে নিম্ন আদালতে আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর এবার জজ আদালতেও জামিন পেলেন না তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালতে ডনের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান।
এর আগে গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতে ডনের জামিন আবেদন করা হলে সেটিও নামঞ্জুর হয়।
গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন আশরাফুল হক ডন। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। এ আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানির সময় ডনকে আদালতে হাজির করা হবে।
সালমান শাহ হত্যা মামলা
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। তার মৃত্যুর পর ঘটনাটি প্রথমে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত ও মামলা পর্যন্ত গড়ায়।
মামলাটিতে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে আসে। সর্বশেষ ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আবদুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
প্রতিবেদকের নাম 



















