বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
বুধবার (২৯ জুলাই) সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নতুন প্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডি প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সিআইডির দায়িত্ব নেওয়ার আগে ব্যারিস্টার মোশাররফ হোছাইন প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে কর্মরত অবস্থায় তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।
১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ প্রায় তিন দশকের চাকরি জীবনে তিনি পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ পুলিশ একাডেমি, ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ, র্যাব এবং পুলিশ সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
শিক্ষাজীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
আধুনিক পুলিশিং ও ফরেনসিক ল্যাবরেটরি ব্যবস্থাপনা বিষয়ে মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে সিআইডির তদন্ত কার্যক্রম আরও গতিশীল হবে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ দমন কার্যক্রম জোরদার হবে।
প্রতিবেদকের নাম 
























