
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ১৯৫ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্য এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ বাজারের ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেল (৪৮) এবং ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের আজিজুল হক (৪৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনের তল্লাশিতে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তিনি জানান, গ্রেপ্তারের পর অভিযুক্তের পক্ষে কোনো সুপারিশ করা হয়নি এবং বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 




















