ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে প্রস্তুতির দিক থেকে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ইংল্যান্ড।
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে ২-১ গোলে হারাতে অতিরিক্ত সময় খেললেও, সেটিই ছিল চলতি বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ যা ৯০ মিনিটের বাইরে গড়ায়। অন্যদিকে আর্জেন্টিনাকে শেষ ৩২-এ কেপ ভার্দে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড—দুই ম্যাচেই অতিরিক্ত সময় পর্যন্ত লড়তে হয়েছে।
ফলে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজসহ আর্জেন্টিনার খেলোয়াড়দের মাঠে কাটাতে হয়েছে বেশি সময়, যা তাদের শারীরিক ক্লান্তি বাড়িয়েছে। এছাড়া কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড আগে খেলায় হ্যারি কেইনদের তুলনায় আর্জেন্টিনা কয়েক ঘণ্টা কম বিশ্রামের সুযোগ পাচ্ছে। টুর্নামেন্টের এই পর্যায়ে এই অতিরিক্ত বিশ্রাম বড় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।
এ কারণে সেমিফাইনালের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের দ্রুত শারীরিকভাবে সতেজ করে তোলা এবং সর্বোচ্চ ফিটনেস নিশ্চিত করা।
তবে বিশ্রামে এগিয়ে থাকলেও ভ্রমণের দিক থেকে ইংল্যান্ডের ওপর চাপ বেশি ছিল। চলতি বিশ্বকাপে বিভিন্ন ভেন্যুতে খেলতে গিয়ে হ্যারি কেইনদের দল আকাশপথে প্রায় ১৭ হাজার ৫০০ কিলোমিটার ভ্রমণ করেছে, যা সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে সর্বোচ্চ।
সব মিলিয়ে সেমিফাইনালের লড়াই শুধু কৌশল ও দক্ষতার নয়, বরং ক্লান্তি, বিশ্রাম, ভ্রমণ এবং মানসিক দৃঢ়তারও পরীক্ষা। আর প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা ও ইংল্যান্ড, তখন ইতিহাস আর তীব্র প্রতিদ্বন্দ্বিতাও ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
প্রতিবেদকের নাম 






















