বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিয়ম লঙ্ঘন করে প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলা চালিয়েছে। জাহাজ দুটি অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল বলে দাবি করা হয়।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই হামলার তথ্য জানিয়েছে। তবে স্বাধীনভাবে এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলার পর প্রণালিতে জাহাজে আঘাত হানে আইআরজিসি। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও বিষয়টি নিশ্চিত করে।
এর আগে ইরানের সংবাদ সংস্থা মেহর জানায়, দেশটির সামরিক কর্তৃপক্ষ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। নির্দেশ অনুযায়ী, তেলবাহী ট্যাংকারসহ কোনো বাণিজ্যিক জাহাজই এই রুট ব্যবহার করতে পারবে না।
ইরানের সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া জানায়, যুক্তরাষ্ট্রের “অব্যাহত আগ্রাসন” এবং দক্ষিণাঞ্চলীয় হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে—যুক্তরাষ্ট্রের এমন দাবিও তারা প্রত্যাখ্যান করেছে।
বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধের সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিবেদকের নাম 























