হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এ ঘটনার জেরে পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজ সরিয়ে নেওয়ার জাতিসংঘের উদ্যোগ সাময়িকভাবে স্থগিত হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) হামলার পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অয়েলের দাম একপর্যায়ে প্রায় ৪ শতাংশ বেড়ে যায়। গ্রিনিচ মান সময় রাত ২টার দিকে আগস্ট মাসের সরবরাহের জন্য ব্রেন্টের দাম প্রতি ব্যারেল ৭৪ দশমিক ৮৯ ডলারে পৌঁছায়। এর আগে তা নেমে এসেছিল ৭২ দশমিক ৪৮ ডলারে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতার পর তেলের বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে এলেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ব্রেন্টের দাম এখন যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি অবস্থানে রয়েছে।
এই পরিস্থিতির প্রভাব এশিয়ার শেয়ারবাজারেও পড়েছে। শুক্রবার লেনদেনের শুরুতেই জাপানের নিক্কেই-২২৫, দক্ষিণ কোরিয়ার কসপি, হংকংয়ের হ্যাংসেং এবং তাইওয়ানের তাইএক্স সূচকে উল্লেখযোগ্য পতন দেখা যায়। টোকিও ও সিউলের প্রধান সূচকগুলো দিনের শুরুতেই ৩ শতাংশের বেশি কমে যায়।
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার পর এ নৌপথে জাহাজ চলাচল কিছুটা বেড়েছিল এবং বাজারে স্বাভাবিকতা ফেরার আশা তৈরি হয়েছিল। তবে সর্বশেষ হামলার ঘটনায় সেই আশায় নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মেরিনট্রাফিক ও কেপলারের তথ্য অনুযায়ী, গত বুধবার হরমুজ প্রণালি দিয়ে ৭০টি জাহাজ চলাচল করেছে, যা আগের দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং চলতি বছরের ১ মার্চের পর সর্বোচ্চ।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রমকালে একটি পণ্যবাহী জাহাজের ডান পাশে অজ্ঞাত উৎস থেকে নিক্ষিপ্ত একটি বস্তু আঘাত হানে।
অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, কয়েকজন মার্কিন কর্মকর্তা হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সর্বশেষ এ ঘটনার পর আন্তর্জাতিক জ্বালানি বাজার, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিবেদকের নাম 




















