চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার পশ্চিমাঞ্চলে সাত পা নিয়ে একটি বাছুরের জন্ম হয়েছে। অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে জন্ম নেওয়া বাছুরটিকে দেখতে এরই মধ্যে ওই খামারির বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।
স্থানীয়রা জানান, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) হাটহাজারী পৌরসভার বাসিন্দা মো. মাসুদের গোয়ালঘরে একটি গাভী বাছুরটির জন্ম দেয়।
বাছুরটির স্বাভাবিক চার পায়ের সঙ্গে পিঠ ও পেছনের অংশে অতিরিক্ত আরও তিনটি পা রয়েছে। তবে এই ব্যতিক্রমী শারীরিক গঠন সত্ত্বেও সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বাছুরটি জীবিত ও সুস্থ রয়েছে বলে জানা গেছে।
বাছুরটির জন্মের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় কৌতূহল তৈরি হয়। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে মানুষ বাছুরটিকে দেখতে খামারির বাড়িতে আসছেন।
হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী জানান, খবর পেয়ে প্রাণিসম্পদ বিভাগের একটি পর্যবেক্ষণ দল ঘটনাস্থলে গেলেও বাছুরটির মালিকপক্ষ সেটি দেখাতে রাজি হননি।
তিনি বলেন, মালিকপক্ষকে চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। কী কারণে বাছুরটির এমন শারীরিক গঠন হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানার চেষ্টা করা হবে। বিষয়টি ভবিষ্যতে গবেষণার ক্ষেত্রেও কাজে লাগতে পারে। তবে মালিকপক্ষের সহযোগিতা না পাওয়ায় এখনই বিস্তারিত পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।
প্রতিবেদকের নাম 


























