রাজধানীতে হানিট্র্যাপ বা প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের কর্মকর্তারা।
ডিবি জানায়, চক্রটির এক নারী সদস্য প্রথমে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে কৌশলে তাকে রাজধানীর খিলগাঁওয়ের একটি ফ্ল্যাটে নিয়ে মারধর করা হয় এবং আপত্তিকর ভিডিও ধারণ করা হয়।
এরপর ভুক্তভোগীর গুরুত্বপূর্ণ কাগজপত্র ও এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে বিকাশ ও উপায়ের মাধ্যমে তার কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করে চক্রটি।
এ ঘটনায় গত ২২ জুন একটি মামলা দায়ের করা হয়। মামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিবেদকের নাম 




















