
খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগার ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের সময় কয়েকজন রোগী র্যাবিস ভ্যাকসিন নিয়ে হয়রানির অভিযোগ করেন। কেউ কেউ টাকার বিনিময়ে ভ্যাকসিন নিতে বাধ্য হয়েছেন বলেও জানান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী এবং সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চান। পরে ঢাকায় যোগাযোগ করে তিনি জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য প্রয়োজনীয় চাহিদাপত্র যথাযথভাবে পাঠানো হয়নি। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এরপর হাসপাতালের রান্নাঘর পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মানে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। কুমড়ার তরকারি স্বাদ নিয়ে তিনি মন্তব্য করেন, “এই রান্না আপনার স্ত্রী করলে আপনি খাবেন?”—এ কথা বলে তিনি বাবুর্চিদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে খাবারের মান উন্নত করার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, স্বাস্থ্যখাতে আগামী বাজেটে বরাদ্দ ১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেট পাস হলে হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও সেবার মান উন্নয়ন করা হবে।
তিনি আরও জানান, আগামী পাঁচ মাসের মধ্যে দেশের পাঁচটি বিভাগীয় শহরে নির্মাণাধীন শিশু হাসপাতাল চালু করা হবে। পাশাপাশি হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদারে প্রতিটি উপজেলায় আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
প্রতিবেদকের নাম 




















