ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর প্রথমবারের মতো ভারত থেকে বাংলাদেশে যাত্রীবাহী ট্রেনের কোচ আসতে যাচ্ছে। আগামী জুলাই মাসে ২০টি ব্রডগেজ কোচ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই ২০টি কোচ রপ্তানির জন্য প্রস্তুত রয়েছে এবং এগুলো বাংলাদেশের সঙ্গে করা ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহ চুক্তির অংশ।
বাংলাদেশ ৯১৫ কোটি রুপির বিনিময়ে ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ কেনার চুক্তি করেছিল। প্রকল্পটির অর্থায়ন করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কোচ নির্মাণের কাজ পায় ভারত।
ভারতীয় রেলওয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির আওতায় প্রথম চালানটি আগামী জুলাইয়ের মধ্যে হস্তান্তরের জন্য প্রস্তুত করা হচ্ছে। কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ কারখানায় নির্মাণ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকল্পটির বাস্তবায়নে কিছুটা ধীরগতি দেখা দিলেও বর্তমানে কাজ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে।
এর আগে ভারত বাংলাদেশে ১২০টি ব্রডগেজ কোচ, ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ এবং অন্যান্য রেল সরঞ্জাম সরবরাহ করেছিল। সর্বশেষ চুক্তি অনুযায়ী, কোচ সরবরাহের পাশাপাশি নকশা সহায়তা, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং পরিচালনাগত সহায়তাও দেবে ভারত।
প্রতিবেদকের নাম 




















