ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। সম্ভাব্য এ অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শুরু হতে পারে বলে আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের দুটি সম্ভাব্য পরিকল্পনা বিবেচনা করছে রিয়াদ। এর একটি হলো লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালি ঘিরে সীমিত আকারের অভিযান। অন্যটি হলো ইয়েমেনের একাধিক ফ্রন্টে সমন্বিত হামলা।
সম্ভাব্য অভিযানে এক লাখের বেশি ইয়েমেনি সেনা মোতায়েন করা হতে পারে। স্থল অভিযান পরিচালনা করবে রিয়াদের তত্ত্বাবধানে থাকা ইয়েমেনি বাহিনী এবং তাদের সহায়তায় সৌদি আরব বিমান হামলা চালাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা
রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে, সৌদি আরবের ইয়েমেনবিষয়ক সামরিক কার্যক্রমে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। কয়েকটি আঞ্চলিক ও ইউরোপীয় দেশ সৌদিকে মূলত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে।
তবে সৌদির মিত্র দেশগুলো সরাসরি যুদ্ধ অভিযানে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে না। সম্ভাব্য অভিযানের সুনির্দিষ্ট তারিখও এখনো নির্ধারিত হয়নি। সূত্রগুলোর অনুমান, এটি এক সপ্তাহের মধ্যে শুরু হতে পারে অথবা নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরও শুরু হতে পারে।
বাব আল-মান্দাব কেন গুরুত্বপূর্ণ
বাব আল-মান্দাব প্রণালি লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। সম্প্রতি হুথি বাহিনী ওই এলাকার নিয়ন্ত্রণ নেওয়ায় সৌদি আরব সেখানে নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রায় সৌদি আরবের সমর্থিত ইয়েমেনি বাহিনী কৌশলগতভাবে পিছিয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতেই রিয়াদ নতুন সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৫ সালেও যুদ্ধে জড়িয়েছিল সৌদি
ইয়েমেনের গৃহযুদ্ধে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর সংঘাতের মাত্রা অনেকটাই কমে আসে।
তবে চলতি বছরে হুথিদের নতুন করে সৌদি জাহাজ ও অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর পরিস্থিতির আবার অবনতি হয়েছে। সম্ভাব্য নতুন সৌদি অভিযান ইয়েমেনে সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে বলে আঞ্চলিক পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ রয়েছে।
সূত্র: রয়টার্স
প্রতিবেদকের নাম 





















