চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণ করতে গিয়ে আকস্মিক দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সৈনিক আবু বকর সিদ্দিক (৩০) ও সৈনিক মো. তাসনিম রিফাত (৩০)।
এ ঘটনায় এক সেনা কর্মকর্তাও গুরুতর আহত হয়েছেন। আহত কর্মকর্তা ক্যাপ্টেন মীর্জা মহিউদ্দীন বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সকালে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল।
অনুশীলনের একপর্যায়ে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সৈনিক নিহত এবং ক্যাপ্টেন মীর্জা মহিউদ্দীন গুরুতর আহত হন।
আহত কর্মকর্তা সিএমএইচে
দুর্ঘটনার পর আহত সেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে
আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রতিবেদকের নাম 





















