গ্রীষ্মের জনপ্রিয় ফল কাঁঠাল শুধু সরাসরি খাওয়ার জন্যই নয়, এটি দিয়ে তৈরি করা যায় নানা সুস্বাদু মিষ্টান্নও। স্বাদ ও ঘ্রাণে ভরপুর কাঁঠালের হালুয়া হতে পারে বিকেলের নাশতা, পারিবারিক আয়োজন কিংবা অতিথি আপ্যায়নের আকর্ষণীয় একটি পদ। অল্প কিছু উপকরণেই সহজে তৈরি করা যায় এই মজাদার খাবার।
প্রয়োজনীয় উপকরণ
- পাকা কাঁঠাল – ২ কাপ
- চিনি – আধা কাপের কম (স্বাদ অনুযায়ী)
- দুধ – আধা কাপ
- কনডেন্স মিল্ক – আধা কৌটা
- ঘি – আধা কাপ
- এলাচ – কয়েকটি
- দারুচিনি – ৩ টুকরা
- কিসমিস – ২ চা-চামচ
- পেস্তা ও কাজুবাদাম – সাজানোর জন্য
প্রস্তুত প্রণালি
প্রথমে পাকা কাঁঠালের কোয়া থেকে বিচি ও আঁশ আলাদা করে ব্লেন্ডারে মিহি করে পেস্ট তৈরি করে নিন।
এরপর একটি ভারী তলার প্যানে ঘি গরম করে এলাচ ও দারুচিনি হালকা ভেজে সুগন্ধ বের করুন। এবার কাঁঠালের পেস্ট ঢেলে মাঝারি আঁচে নাড়তে থাকুন। কয়েক মিনিট পর এতে দুধ, কনডেন্স মিল্ক ও চিনি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন।
মিশ্রণটি ঘন হতে শুরু করলে কিসমিস দিয়ে অনবরত নাড়তে থাকুন, যাতে নিচে লেগে না যায়। মিশ্রণটি প্যানের গা ছেড়ে এলে বুঝতে হবে হালুয়া তৈরি হয়ে গেছে।
চুলা থেকে নামিয়ে পছন্দমতো পাত্রে ঢেলে উপরে পেস্তা ও কাজুবাদাম ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন। গরম কিংবা ঠান্ডা—দুইভাবেই কাঁঠালের হালুয়া খেতে দারুণ সুস্বাদু।
প্রতিবেদকের নাম 


























