
লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় আঘাত হানা স্মরণকালের অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় যুক্তরাষ্ট্র সব ধরনের মানবিক ও লজিস্টিক সহযোগিতা দিতে প্রস্তুত।
বুধবার (২৫ জুন) স্থানীয় সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প ভেনিজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পোস্টে ট্রাম্প লেখেন, “ভেনিজুয়েলার মহান জনগণের ওপর আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্প ভয়াবহ ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। বহু মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।”
তিনি আরও বলেন, “আমেরিকা সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। এই কঠিন সময়ে আমরা আমাদের নতুন বন্ধুদের পাশে থাকব।”
যদিও এখনো কোনো নির্দিষ্ট সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়নি, তবে ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে পরিস্থিতি মূল্যায়নের পর দ্রুত মার্কিন সহায়তা দল মাঠে কাজ শুরু করতে পারে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভেনিজুয়েলার উত্তরাঞ্চলীয় ক্যারিবীয় উপকূলে মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রথমে ইয়ারাকুই রাজ্যের রাজধানী সান ফেলিপ এলাকার কাছে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এরপর ইউমারে শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৫ মাত্রার আরও শক্তিশালী কম্পন আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে, এটি গত ১২৫ বছরের মধ্যে দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
দুর্যোগের পর ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ভূমিকম্পে বহু ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতাও জারি করা হয়।
তবে এখন পর্যন্ত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হয়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
প্রতিবেদকের নাম 

























