বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সোমবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
আমন্ত্রণপত্রে ২০২৭ সালের জুন মাসে অনুষ্ঠিতব্য তৃতীয় গ্লোবাল গেটওয়ে ফোরাম-এ অংশগ্রহণ এবং সেখানে মূল প্রবন্ধ (Keynote Address) উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সম্ভাব্য ওই সফরে প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সুযোগও তৈরি হবে। পাশাপাশি, গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ ও সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মাইকেল মিলার ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের উদ্দেশে একটি অভিনন্দনবার্তাও হস্তান্তর করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ওই বার্তায় তাকে অভিনন্দন জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা, প্রস্তাবিত বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, সম্ভাব্য বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।
এছাড়া বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, জাতিসংঘ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়।
শেষে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষ দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী ও কার্যকর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
প্রতিবেদকের নাম 




















