
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম কোকদণ্ডী গ্রামের বাসিন্দা আশা খাতুনের জীবন এক মুহূর্তে বদলে দিয়েছে ভয়াবহ বন্যা। গভীর রাতে হঠাৎ বন্যার পানি তার মাটির ঘরে ঢুকে পড়ে। মুহূর্তেই তলিয়ে যায় সারা জীবনের সঞ্চয়ে গড়া একমাত্র ঘর। ভেসে যায় ধানের গোলা, চাল, হাঁস-মুরগি এবং পুকুরের মাছ। এক কাপড়েই ঘর ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন তিনি।
নিজের অসহায় অবস্থার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে আশা খাতুন বলেন, ‘ও বাপ, আঁর ঘর আর নাই, কিছু বাঁচাইত ন পারি। আঁরা হডে যাইয়ুম, হডে থাইক্কুম, ক্যানে মাথা গুঁইজ্জুম, ন জানি।’ (ও বাবা, আমার ঘর আর নেই। কিছুই রক্ষা করতে পারিনি। কোথায় যাব, কোথায় থাকব, মাথা গোঁজার জায়গাই–বা কোথায় পাব, জানি না।)
আশা খাতুনের স্বামী আবদুর রাজ্জাক কয়েক বছর আগে মারা গেছেন। তিন মেয়ে ও দুই ছেলেকে নিয়ে কোনোরকমে চলছিল তার সংসার। দুই ছেলে দিনমজুরের কাজ করেন। পরিবারের সবচেয়ে বড় সম্পদ ছিল সারা জীবনের সঞ্চয়ে তৈরি করা মাটির ঘরটি, সেটিও এখন বন্যার পানিতে বিলীন।
বর্তমানে তিনি গ্রামের এক প্রতিবেশীর পাকা বাড়িতে আশ্রয় নিয়েছেন। গতকাল কোমরসমান পানি মাড়িয়ে নিজের ভিটায় এসে দেখেন, পানির নিচে ডুবে আছে সবকিছু। কিছুই উদ্ধার করতে পারেননি। ছেঁড়া শাড়ির দিকে তাকিয়ে তিনি বলেন, ‘এই এক কঅর (কাপড়) লই বাইর অই। আর কিছু আনিত ন পারি। চিড়া আর পানি খাই আছি।’
পশ্চিম কোকদণ্ডী গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের প্রায় সব কাঁচা রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। মাঠ, পুকুর ও গাছপালা একাকার হয়ে গেছে। কোথাও মাটির দেয়াল ধসে পড়েছে, কোথাও পানির ওপর ভেসে আছে টিনের চালা। কেউ ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে নষ্ট হওয়া জিনিসপত্র খুঁজছেন, আবার কেউ কাদা সরিয়ে ঘর পরিষ্কারের চেষ্টা করছেন। অনেক পরিবার এখনো আশ্রয়কেন্দ্র বা আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করছে।
স্থানীয়দের ভাষ্য, কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি এত দ্রুত বেড়েছে যে ঘরের জিনিসপত্র সরিয়ে নেওয়ারও সুযোগ পাননি অনেকে। অনেকের গবাদিপশু, খাদ্যশস্য ও পুকুরের মাছও বন্যার পানিতে ভেসে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর প্রভাবে ৫ জুলাই থেকে শুরু হওয়া ভারী বর্ষণে দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ৫ জুলাই সকাল ৬টা থেকে গতকাল বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রামে মোট ১,৩৫৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৫১ দশমিক ৭ মিলিমিটার। আগামী দুই থেকে তিন দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী উপজেলা। ৬ জুলাই থেকে বাহারছড়া, শেখেরখীল, পুঁইছড়ি, খানখানাবাদ, গণ্ডামারা, কাথারিয়া, বৈলছড়ি ও ছনুয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। কয়েক দিন আগে পানি কিছুটা কমতে শুরু করলেও গতকালের বৃষ্টিতে আবারও অনেক এলাকায় পানি বাড়তে শুরু করেছে।
নতুন করে বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন আশা খাতুনের কণ্ঠে এখন শুধু অনিশ্চয়তার সুর—‘ঝড় থামে, আবার শুরু অয়। আল্লাহ জানে, আর কত দিন এই কষ্ট থাইব।’
প্রতিবেদকের নাম 






















