মাঠের পারফরম্যান্স নয়, এবার নতুন চেহারার কারণে আলোচনায় এসেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, মুখের গঠন আরও ভারসাম্যপূর্ণ করতে তিনি ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি কসমেটিক ট্রিটমেন্ট করিয়েছেন। নতুন লুকের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে আলোচনায় ছিলেন ভিনিসিয়ুস। এবার সম্পূর্ণ ভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
প্রকাশিত ছবিতে দেখা গেছে, আগের তুলনায় তার চিবুক ও চোয়ালের গঠন আরও স্পষ্ট ও সুগঠিত হয়েছে। অনেক ভক্তের মতে, নতুন চেহারায় তাকে সহজে চেনাই যাচ্ছে না। কেউ কেউ আবার মজার ছলে বলেছেন, এখন তাকে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রামিরেসের মতো দেখাচ্ছে।
কী এই চিন হারমোনাইজেশন?
চিন হারমোনাইজেশন হলো একটি আধুনিক কসমেটিক চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে চিবুকের আকার ও গঠন পরিবর্তন করে মুখের সামগ্রিক ভারসাম্য উন্নত করা হয়। এ সময় নাক, ঠোঁট ও চোয়ালের সঙ্গে চিবুকের সামঞ্জস্যও বিবেচনায় নেওয়া হয়।
এই প্রক্রিয়া অস্ত্রোপচার করে কিংবা অস্ত্রোপচার ছাড়াও করা সম্ভব। সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের ক্ষেত্রে অস্ত্রোপচার করা হয়নি। বরং বিশেষ ধরনের ডার্মাল ফিলার ব্যবহার করে তার চিবুক ও চোয়ালের আকৃতি আরও সুস্পষ্ট করা হয়েছে।
ব্রাজিলের গোইয়ানিয়া শহরের লুমিনি প্রিভিলেজ ক্লিনিকে চর্মরোগ বিশেষজ্ঞ আলেসান্দ্রো আলারকাও এই চিকিৎসা সম্পন্ন করেন। চিকিৎসকের ভাষ্য, এ ধরনের ট্রিটমেন্টের পর সাময়িক ফোলাভাব স্বাভাবিক। ফোলাভাব কমে গেলে মুখের গঠনে আরও স্বাভাবিক ও পরিপূর্ণ পরিবর্তন দেখা যাবে।
বিশ্বকাপে পারফরম্যান্স
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভিনিসিয়ুস জুনিয়র চারটি গোল করলেও শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মাঠের সেই হতাশার পর এবার নতুন লুক নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ব্রাজিলিয়ান তারকা।
প্রতিবেদকের নাম 


























