দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। এ রুট পুনরায় চালুর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন এবং জনসম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে সরকার।
সোমবার (২৭ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার পরিকল্পনা নেই। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা এ রুটের সম্ভাবনার ইতিবাচক ইঙ্গিত বহন করছে।
তিনি বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও যোগাযোগ আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠানে বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও প্রবাসীর যাতায়াত সহজ করতেই এ রুট পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতের যাত্রীচাহিদা বিবেচনায় বিমান বহরে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস উড়োজাহাজও যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রথম ঢাকা-নারিতা ফ্লাইট চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আবারও যাত্রীসেবার জন্য রুটটি চালু করা হলো।
উদ্বোধন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটটির যাত্রা উদ্বোধন করেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর আবারও চালু হলো বহুল প্রত্যাশিত এই আন্তর্জাতিক রুট। সোমবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রতিবেদকের নাম 
























