সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও আগামী দুই দিন নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে পর্যবেক্ষণাধীন নদীগুলোর মধ্যে শুধুমাত্র কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি কমলেও কুশিয়ারার পানি স্থিতিশীল রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন কুশিয়ারার পানির বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। এরপরের এক দিনে পানি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে কুশিয়ারা নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকার সম্ভাবনাই বেশি।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি কমেছে। আগামী একদিন পানি আরও কমে পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। এরপর চতুর্থ ও পঞ্চম দিনে পানি কিছুটা বাড়লেও নদীগুলো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
একই সময়ে গঙ্গা-পদ্মা নদীর পানিও কমেছে। আগামী তিন দিন পানি স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিনে কিছুটা বাড়তে পারে। তবে এসব নদীর পানিও বিপৎসীমার নিচেই থাকবে।
উত্তরাঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি কমলেও তিস্তা নদীর পানি বেড়েছে। আগামী একদিন এসব নদীর পানি স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিনে বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, গোমতী, মুহুরী ও সেলোনিয়া নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মাতামুহুরী ও ফেনী নদীর পানি স্থিতিশীল রয়েছে। এসব নদীর পানি আগামী একদিন আরও বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
আবহাওয়ার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম মধ্য ছত্তিশগড় ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি বিদর্ভ ও তৎসংলগ্ন দক্ষিণ মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
প্রতিবেদকের নাম 























