
রাঙামাটিতে ছাত্রদলের নতুন জেলা কমিটি ঘিরে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার (৪ মে) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন স্বাক্ষরিত আদেশে এ বিধিনিষেধ কার্যকর করা হয়।
জানা যায়, সম্প্রতি ঘোষিত ছাত্রদলের জেলা কমিটি নিয়ে পদবঞ্চিত ও বঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর জেরে সোমবার সকাল থেকেই শহরের বনরূপা ও কাঠালতলী এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
একপর্যায়ে দলীয় কার্যালয় ও পৌরসভা এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। পরে বড় ধরনের সংঘাত এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে বনরূপা, কাঠালতলী ও পৌরসভা এলাকায় সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে।
সহকারী পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে উত্তেজনা না ছড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।
প্রতিবেদকের নাম 




















