বরিশাল বিভাগসহ দেশের উপকূলীয় অঞ্চলের উন্নয়নে প্রাকৃতিক সম্পদ, পানিসম্পদ ও যোগাযোগ অবকাঠামোর সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের এজিএম-২০২৫ ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন।
চিফ হুইপ বলেন, বরিশাল বিভাগের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে রেল ও সড়ক যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ জরুরি। বিশেষ করে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কে যাতায়াতের সময় যাত্রীদের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত সড়কের মান উন্নয়ন করা প্রয়োজন।
তিনি বলেন, অতিরিক্ত ভারী যানবাহন চলাচল এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ওই অঞ্চলের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।
দেশের পানিসম্পদের সম্ভাবনা তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, বিপুল পানিসম্পদ থাকা সত্ত্বেও তা এখনো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। বরিশালসহ উপকূলীয় অঞ্চলের নদ-নদী ও পানিসম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে কৃষি, মৎস্য চাষ, নৌ-যোগাযোগ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।
বরিশাল বিভাগের উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীকে দলমত-নির্বিশেষে একযোগে কাজ করার আহ্বান জানান চিফ হুইপ। প্রয়োজনে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বিত বৈঠকের আয়োজন করা যেতে পারে বলেও মত দেন তিনি।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজ নিজ কর্মক্ষেত্রে আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিলে মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। জনকল্যাণমূলক কাজে কর্মকর্তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা আরও নিবিড়ভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি লুৎফুল আজিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের অতিরিক্ত সচিব, যুগ্মসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে ৫১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে সভাপতি এবং জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার সৈয়দ আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
প্রতিবেদকের নাম 






















