ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফরম্যাটে ‘Visa Undertaking Form’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ফর্ম জমা না দিলে আবেদন গ্রহণ করা হবে না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
যেভাবে জমা দিতে হবে ফর্ম
নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি স্ক্যান করে NIC Visa Application Portal-এ অনলাইন ভিসা আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।
শুধুমাত্র হাইকমিশনের নির্ধারিত ফরম্যাটের ফর্ম গ্রহণ করা হবে। অন্য কোনো ফরম্যাটে জমা দেওয়া ফর্ম গ্রহণযোগ্য হবে না।
ফর্মে যেসব তথ্য দিতে হবে
এক পাতার ভিসা অঙ্গীকারনামায় আবেদনকারীর নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ ও ঢাকার বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। পাশাপাশি ভারত সফরের উদ্দেশ্য—যেমন পর্যটন, ব্যবসা, চিকিৎসা বা সম্মেলন—স্পষ্টভাবে লিখতে হবে।
ফর্মে আবেদনকারীকে অঙ্গীকার করতে হবে যে, তিনি ভিসার নির্ধারিত উদ্দেশ্যেই ভারত সফর করবেন, সফর শেষে নিজ দেশে ফিরে আসবেন এবং ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান করবেন না।
এ ছাড়া ভারতে অবস্থানকালে দেশটির আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার অঙ্গীকার করতে হবে। আইন লঙ্ঘন করলে ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলেও ফর্মে উল্লেখ রয়েছে।
সবশেষে আবেদনকারীকে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করে ফর্মটি সম্পন্ন করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে বাবা-মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক।
ভিসা আবেদনকারীদের নির্ধারিত ফরম্যাটের অঙ্গীকারনামা ডাউনলোড করে যথাযথভাবে পূরণ ও আপলোড করার পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।
প্রতিবেদকের নাম 























