
শোবিজ অঙ্গনে অভিনয়শিল্পীদের কাজ ও প্রতিভার চেয়ে তাঁদের ব্যক্তিগত জীবন, পোশাক কিংবা বিলাসী জীবনযাপন নিয়ে বেশি আলোচনা হয় বলে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর মতে, ভালো অভিনয় ও ব্যক্তিত্বের জন্য পরিচিত অনেক শিল্পী যথাযথভাবে আলোচনায় আসছেন না। বরং ব্যক্তিগত নানা কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকা তারকারাই বেশি গুরুত্ব পাচ্ছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা লেখেন ফারিয়া। সেখানে তিনি এমন কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করেন, যাঁরা অভিনয়ের পাশাপাশি নিজেদের ব্যক্তিত্ব ও কাজের মাধ্যমে তাঁর মুগ্ধতা অর্জন করেছেন।
ফারিয়ার পছন্দের অভিনেত্রীদের তালিকায় প্রথমেই রয়েছে জয়া আহসানের নাম। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব, ব্যবহার ও রুচির প্রশংসা করেন ফারিয়া। জয়ার অভিনয়ের বাইরের জীবনযাপন নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি। বিশেষ করে তাঁর ব্যাগ, ঘড়ি ও জামদানি সংগ্রহের কথা উল্লেখ করেন।
এরপর সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসা করেন ফারিয়া। ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’ সিরিজ দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘স্পর্শের বাইরে’ সিরিজের প্রধান চরিত্রে সানজিদার অভিনয় তাঁর ভালো লেগেছে। নিজের ‘কলিংবেল’ সিরিজে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেন ফারিয়া। সানজিদাকে তিনি স্বল্পভাষী ও মনোযোগী অভিনেত্রী হিসেবে বর্ণনা করেন।
নিজের সমসাময়িক অভিনেত্রী মৌসুমী হামিদের অভিনয়দক্ষতার প্রতিও মুগ্ধতা প্রকাশ করেন ফারিয়া। তিনি লেখেন, মৌসুমীর অভিনয় দেখে তাঁর মনে হয়, ইশ! তিনি যদি তাঁর মতো অভিনয় করতে পারতেন। মৌসুমীকে পরিশ্রমী, প্রতিভাবান, চঞ্চল ও হাসিখুশি মানুষ হিসেবেও উল্লেখ করেন তিনি।
নাজিয়া হক অর্ষার অভিনয় নিয়েও বিশেষ প্রশংসা করেন ফারিয়া। তাঁর মতে, অভিনয় শুধু সংলাপের ওপর নির্ভর করে না; অভিব্যক্তিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্ষার চোখের অভিব্যক্তি তাঁকে মুগ্ধ করে। এ প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফার কথাও উল্লেখ করেন তিনি। কয়েক বছর আগে একটি নাটকে অভিনয়ের সুযোগ থাকলেও শিডিউল জটিলতায় কাজটি করতে পারেননি ফারিয়া। পরে অর্ষার অভিনয় দেখে তাঁর মনে হয়েছিল, ওই চরিত্রে অর্ষাই যথাযথভাবে অভিনয় করেছেন।
এ ছাড়া আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির নামও উল্লেখ করেন তিনি। ফারিয়ার মতে, এসব অভিনেত্রী ভালো অভিনয়ের পাশাপাশি নিজেদের ব্যক্তিত্বের কারণেও প্রশংসার দাবিদার।
স্ট্যাটাসের শেষাংশে ফারিয়া লেখেন, ‘শুধু “জামার দাম লাখ টাকা, দুবাইয়ে ওমুক-তমুক করে” ছাড়া আমাদের দেশে সত্যিকারের ভালো অভিনয় করে, সফিস্টিকেটেড, সুন্দর করে কথা বলে এমন অনেক অভিনেত্রী আছেন। কিন্তু আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে। সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না।’
ফারিয়ার মূল আক্ষেপ, অভিনয়শিল্পীদের কাজ, মেধা ও সাফল্য নিয়ে আলোচনার বদলে তাঁদের পোশাকের দাম, বিদেশে কেনাকাটা ও ব্যক্তিগত জীবন বেশি গুরুত্ব পাচ্ছে। এতে প্রকৃত গুণী শিল্পীরা আড়ালে থেকে যাচ্ছেন বলে মনে করেন তিনি।
তাঁর বক্তব্যে উঠে এসেছে, একজন অভিনয়শিল্পীর পরিচয় বিলাসী জীবনযাপন বা পোশাকের দামে নয়, বরং তাঁর কাজ ও অভিনয়দক্ষতায়।
প্রতিবেদকের নাম 

























