
পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পরিবহনে চুরি ও অপচয় রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্কাডাভিত্তিক মনিটরিং ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে।
এ প্রযুক্তির মাধ্যমে রিয়াল টাইমে পাইপলাইনের চাপ, তেলের প্রবাহ, তাপমাত্রা ও ভালভের অবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব। পাশাপাশি পাইপলাইনের প্রবেশমুখ ও নির্গমন মুখে তেলের প্রবাহের পরিমাণ তুলনা করে ভর ও আয়তনের ভারসাম্য যাচাই করা যায়। এতে তেলের পরিমাণে অস্বাভাবিক কোনো পার্থক্য দেখা দিলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব।
এ ছাড়া কম্পিউটেশনাল পাইপলাইন মনিটরিং (সিপিএম) প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। এ পদ্ধতিতে গাণিতিক মডেলের মাধ্যমে পাইপলাইনের স্বাভাবিক কার্যক্রমের সঙ্গে বাস্তব পরিস্থিতির তুলনা করা হয়। ফলে প্রবাহের অস্বাভাবিকতা, লিকেজ কিংবা তেল চুরির সম্ভাব্য ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব।
কনডেনসেট: মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ
প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় উপজাত হিসেবে পাওয়া কনডেনসেট অত্যন্ত মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ। এটি প্রক্রিয়াজাত করে পেট্রল, ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি ও ফুয়েল সলভেন্ট উৎপাদন করা হয়।
অথচ দেশে প্রতিবছর কী পরিমাণ কনডেনসেট উৎপাদিত হচ্ছে, কতটুকু বিক্রি ও বিতরণ করা হচ্ছে এবং কতটুকু অপচয় বা সিস্টেম লস হচ্ছে—তার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। গত বছরও দেশে প্রায় ২৬ লাখ ব্যারেল কনডেনসেট উৎপাদিত হয়েছে। বিপুল পরিমাণ এই মূল্যবান সম্পদের উৎপাদন, পরিবহন ও বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
চুরি শনাক্তে সীমাবদ্ধতা
পাইপলাইনের নির্দিষ্ট কোনো স্থান থেকে অবৈধভাবে তেল উত্তোলন করা হলে অপারেশনাল ডেস্ক থেকে তাত্ক্ষণিকভাবে শনাক্ত করা কারিগরিভাবে কঠিন। সাধারণত দীর্ঘ সময় ধরে পাইপলাইনে তেলের প্রবাহের হার কিংবা মোট সরবরাহের পরিমাণে অস্বাভাবিকতা দেখা দিলে বিষয়টি নজরে আসে।
ফলে চুরির ঘটনা তাত্ক্ষণিকভাবে শনাক্ত না হলে অনেক সময় তা স্বাভাবিক সিস্টেম লসের আড়ালে থেকে যাওয়ার আশঙ্কা থাকে। এ কারণে শুধু প্রযুক্তির ব্যবহার নয়, সরবরাহ ও বিতরণ ব্যবস্থার প্রতিটি পর্যায়ে নিয়মিত তদারকি এবং হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।
সাম্প্রতিক ঘটনা ও করণীয়
সম্প্রতি মাধবপুরে পাইপলাইন থেকে কনডেনসেট এবং মিরসরাইয়ে পাইপলাইন ফুটো করে তেল চুরির ঘটনা জ্বালানি পরিবহন ও ব্যবস্থাপনার বিদ্যমান দুর্বলতাকে নতুন করে সামনে এনেছে।
এ ধরনের ঘটনা প্রতিরোধে জাতীয় সম্পদ রক্ষার দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলোর নজরদারি ও জবাবদিহি আরো জোরদার করতে হবে। পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। স্থানীয় জনগণকেও এ ক্ষেত্রে সম্পৃক্ত করা জরুরি।
উপসংহার
জাতীয় সম্পদ রক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক তৎপরতা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে নৈতিক দায়িত্ববোধ জাগ্রত করাও গুরুত্বপূর্ণ।
কারণ শুধু প্রযুক্তি দিয়ে চুরি ও অপচয় পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়—এর জন্য প্রয়োজন কঠোর নজরদারি, দায়িত্বশীলতা এবং সম্মিলিত উদ্যোগ।
লেখক: অধ্যাপক ড. ইকবাল হোসেন
জ্বালানি বিশেষজ্ঞ ও অধ্যাপক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
প্রতিবেদকের নাম 


























