১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮৪২ জন প্রার্থীর দ্রুত নিয়োগ নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রার্থীরা।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রার্থীরা অংশ নেন।
বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি
আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তাদের বক্তব্য, তারা কোনো অনিয়ম বা বিশেষ সুবিধা চান না; বরং বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ অন্তর্ভুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ নিশ্চিত করতে চান।
প্রার্থীরা প্রয়োজনে নতুন করে শূন্য পদের চাহিদা সংগ্রহ করে গণবিজ্ঞপ্তি প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে সনদের মেয়াদ ও চাকরিতে প্রবেশের বয়সসীমা বিবেচনায় রেখে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনার দাবি তোলেন।
তিন ধাপে উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিত
প্রার্থীদের দাবি, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তারা নিয়োগের সুপারিশ পাননি। বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ না থাকা এবং আগে সুপারিশ পাওয়া প্রার্থীদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় অনেকে নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ তাদের।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন তারা। শিক্ষামন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
তাদের বক্তব্য, শিক্ষক নিবন্ধনের সনদ অর্জনের পরও নিয়োগ না পাওয়ায় একদিকে যোগ্য প্রার্থীরা বেকার রয়েছেন, অন্যদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট অব্যাহত রয়েছে।
দ্রুত নিয়োগ নিশ্চিত করার আহ্বান
কর্মসূচি থেকে সুপারিশবঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ, বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং সনদের মেয়াদ ও বয়সসীমা বিবেচনায় নিয়ে ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনার দাবি জানানো হয়।
প্রার্থীরা বলেন, তারা রাজপথের আন্দোলন নয়, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ চান।
প্রতিবেদকের নাম 


























