ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যজুড়ে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ।
পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত জানান, ভোটের ফল ঘোষণার (৪ মে) পর থেকে বিভিন্ন জেলায় সহিংসতা, হুমকি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ পাওয়া গেছে।
তিনি আরও জানান, গত ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে ২০০টির বেশি এফআইআর দায়ের হয়েছে। এর ভিত্তিতে এখন পর্যন্ত ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে ১ হাজার ১০০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সহিংসতার ঘটনায় অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনাগুলো তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
এদিকে কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ সতর্ক করে বলেছেন, আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুষ্কৃতকারীদের ধরতে বিশেষ অভিযান চলছে বলেও তিনি জানান।
কলকাতা পুলিশের আওতাধীন এলাকা থেকে আলাদাভাবে আরও প্রায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনকে সুনির্দিষ্ট মামলায় এবং বাকিদের প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে আটক করা হয়েছে।
অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে পৃথক এক সহিংস ঘটনায় এক রাজনৈতিক ব্যক্তির ঘনিষ্ঠ সহযোগী গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আরও একজন আহত হন। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 




















