হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করা হয়। এদিন মামলার ধার্য তারিখে আদালতে হাজির হননি তানজিন তিশা। তবে আবেদনের শুনানি হয়নি। আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় গণমাধ্যমকে জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় করা মামলায় সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার কথা ছিল। বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও অভিনেত্রী হাজির হননি। এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।
আবেদনে বাদীপক্ষের যুক্তি, মামলার ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকার পরও তানজিন তিশা আদালতে উপস্থিত হননি। এ ছাড়া মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এসব কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন বাদী।
সানায়ার দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়। এরপর মামলা প্রত্যাহারের জন্য তাঁকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বাদীর। একই বছরের ৭ নভেম্বর ফোনে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ার পর রোববার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
বাদীর দাবি, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তানজিন তিশা ক্ষুব্ধ হয়ে তাঁর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলেও তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে তানজিন তিশার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
প্রতিবেদকের নাম 
























