যশোরের বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ওরফে তবি এবং শ্রমিক নেতা লোকমান হোসেন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বেনাপোলের ছোট আঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তবিবুর রহমান ও লোকমান হোসেন। পথে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে দুজন আহত হন।
পরে অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
এদিকে, দুই শ্রমিক নেতার ওপর ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ আলীর নেতৃত্বে শত শত শ্রমিক মিছিলে অংশ নেন। মিছিলটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নেতারা ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
প্রতিবেদকের নাম 

























