পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গোপনে ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, ইউএইর বিভিন্ন শহর ও জ্বালানি স্থাপনায় ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই গোপন সামরিক অভিযান পরিচালনা করে।
খবরে উল্লেখ করা হয়েছে, চলমান সংঘাতে ইসরায়েলের তুলনায় সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে বেশি হামলা চালিয়েছে ইরান। ফলে অঞ্চলটির সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর একটিতে পরিণত হয় ইউএই।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ঠিক আগে আমিরাত ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। এর মধ্যে পারস্য উপসাগরে অবস্থিত লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলার ঘটনাও রয়েছে।
যদিও ইরান ওই হামলার বিষয়টি স্বীকার করেছিল, তবে হামলাকারী দেশের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। পরে এর প্রতিক্রিয়ায় ইরান সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্লেষকদের মতে, এই তথ্য প্রকাশের ফলে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ও সামরিক সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে। কারণ এর আগে ইউএইর পক্ষ থেকে ইরানের ভেতরে সরাসরি সামরিক অভিযান চালানোর তথ্য প্রকাশ্যে আসেনি।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা, সাম্প্রতিক সংঘাতের পর আমিরাত এখন তাদের প্রতিরক্ষা ও পাল্টা হামলার কৌশল নতুনভাবে সাজাচ্ছে।
প্রতিবেদকের নাম 




















