আরও একটি ফাইনাল, আরও একটি হতাশা। ক্রিশ্চিয়ানো রোনালদো–র শিরোপাখরা যেন কাটছেই না। পুরো ম্যাচে দাপট দেখিয়েও এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টুরের ট্রফি জিততে পারেনি আল নাসর। নিজেদের মাঠ আলাওল পার্কে জাপানের গাম্বা ওসাকা–র কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে সৌদি ক্লাবটির।
শনিবার (১৬ মে) অনুষ্ঠিত ফাইনালের একমাত্র গোলটি আসে ম্যাচের ২৯তম মিনিটে। ১৬ গজ দূর থেকে ডেনিজ হুমেটের দুর্দান্ত শটে এগিয়ে যায় গাম্বা ওসাকা। এরপর পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করেও সমতায় ফিরতে পারেনি আল নাসর।
পরিসংখ্যান বলছে, ম্যাচে ৬৭ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল আল নাসরের দখলে। গোলের উদ্দেশ্যে তারা নেয় ১৭টি শট, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। কিন্তু জাপানি ক্লাবটির তরুণ গোলরক্ষক রুই আরাকি অসাধারণ পারফরম্যান্সে বারবার রুখে দেন রোনালদোদের আক্রমণ। অন্যদিকে মাত্র তিনটি শট নিয়েই কার্যকর ফুটবল খেলেছে গাম্বা ওসাকা।
শেষ বাঁশি বাজার পর হতাশায় ভেঙে পড়তে দেখা যায় রোনালদোকে। খুঁড়িয়ে মাঠ ছাড়ার পর বেঞ্চে বসেই কান্নায় ভেঙে পড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফুটবলার। ক্যামেরায় ধরা পড়ে তার আবেগঘন সেই মুহূর্ত। পরে সতীর্থরা এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। ফলে এই হার তার অপেক্ষাকে আরও দীর্ঘ করল।
তবে মৌসুম শেষ হওয়ার আগেই ট্রফি জয়ের আরেকটি সুযোগ সামনে আছে আল নাসরের। সৌদি প্রো লিগ–এ ৩৩ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল। শেষ ম্যাচে জয় পেলেই লিগ শিরোপা ঘরে তুলতে পারবে রোনালদোর দল।
প্রতিবেদকের নাম 


























