
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার করেছে পাকিস্তান।
পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় দেশটি সৌদি আরবে প্রায় ৮ হাজার সেনা, একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, মোতায়েন করা বাহিনীতে রয়েছে প্রায় ১৬টি যুদ্ধবিমান—যার বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে নির্মিত জেএফ-১৭ মডেলের। পাশাপাশি দুইটি ড্রোন স্কোয়াড্রন এবং চীনা প্রযুক্তির এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেখানে স্থাপন করা হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ-সক্ষম প্রতিরক্ষা কাঠামো, যা সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য আক্রমণের পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারে।
তবে এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চুক্তির বিস্তারিত শর্তও এখনো প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে, যা ভবিষ্যতে কূটনৈতিক ও সামরিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদকের নাম 






















