
নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির কঠোর অবস্থান ও তৎপরতায় এসব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
শুক্রবার (৫ জুন) লালমনিরহাট, নওগাঁ, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথকভাবে এ ধরনের ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী সীমান্ত দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতের শূন্যরেখা এলাকায় অবস্থান করতে দেখা যায়।
একই দিনে নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবি বাধা দেয়। এতে তারা সীমান্তের ভারতীয় অংশেই অবস্থান নেয়।
অন্যদিকে, পঞ্চগড় সীমান্তেও ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়েও ২৮ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করে বিজিবি। সংস্থাটির মতে, কঠোর অবস্থানের কারণে তাদের পরে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্ত এলাকায় টহল ও নজরদারিও জোরদার করা হয়েছে।
তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 
























