ঢাকার অপরিকল্পিত নগরায়ন ঠেকাতে বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ভবনের ছাড়পত্র দেওয়ার আগে এখন থেকে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল ও ইলেক্ট্রো-মেকানিক্যাল বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা হবে। এর মাধ্যমে ভবন নির্মাণে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি রাজধানীর অপরিকল্পিত নগরায়ন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
জাকারিয়া তাহের জানান, রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকার ৭০ থেকে ৮০ শতাংশ বহুতল ভবনে সেপটিক ট্যাংক বা সোকওয়েল নির্মাণ না করে সরাসরি ক্যানাল ও লেকে স্যুয়ারেজ সংযোগ দেওয়া হয়েছে।
এতে পরিবেশ ও জলাধারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ সমস্যা সমাধান ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট এলাকার অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে বলেও জানান গণপূর্তমন্ত্রী।
আলোচনাসভায় রাজধানীর পরিকল্পিত নগরায়ন, ভবন নির্মাণে নিয়ম-নীতি বাস্তবায়ন এবং পরিবেশ সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রতিবেদকের নাম 

























