
ঈদুল আজহাকে সামনে রেখে চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে বড় অঙ্কের প্রবাসী আয় এসেছে। এ সময়ে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ৩০ হাজার ২৯৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এ সময়ে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ডলারের বেশি। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার, ফলে বছর ব্যবধানে প্রবাহ বেড়েছে প্রায় ৩৮ শতাংশ।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা সাধারণত বেশি অর্থ দেশে পাঠান, যার প্রভাবেই রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। প্রবাহ এভাবে চলতে থাকলে মাস শেষে এটি ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে রেমিট্যান্স বৃদ্ধির ফলে ব্যাংকিং খাতে ডলারের সরবরাহ বেড়েছে এবং অনেক ব্যাংকে উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে নিয়মিত ডলার কিনছে, যাতে রিজার্ভ স্থিতিশীল রাখা যায়।
প্রতিবেদকের নাম 




















