রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। রুশ নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত বালজি রসি রেস্তোরাঁয় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির তথ্য অনুযায়ী, সন্দেহভাজন এক নারী বিস্ফোরক নিয়ে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেন। তবে এর আগেই বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় সন্দেহভাজন ওই নারী, রেস্তোরাঁর এক নিরাপত্তাকর্মী এবং একজন দর্শনার্থী নিহত হন। আহত ২১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রুশ কর্তৃপক্ষ। তবে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার কারণে মস্কোর অনেক বাসিন্দা এ ঘটনার সঙ্গে যুদ্ধ-সম্পর্কিত কোনো যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছেন।
গত কয়েক বছরে মস্কো ও এর আশপাশের এলাকায় রাশিয়ার একাধিক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য মস্কো বারবার ইউক্রেনকে দায়ী করে আসলেও কিয়েভ সব সময়ই এমন অভিযোগ অস্বীকার করেছে।
প্রাথমিকভাবে বিস্ফোরণের উৎস রেস্তোরাঁর রান্নাঘর বলে ধারণা করা হলেও পরে তদন্তে বিস্ফোরকের বিষয়টি সামনে আসে। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
রুশ সংবাদ সংস্থা আরআইএ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে ভারী অস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















