আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবকে ঘিরে আন্তর্জাতিকভাবে উদ্বেগ বাড়ছে। আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি সতর্কতা জারি করেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২৫০ জন সন্দেহভাজন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রাদুর্ভাবের সবচেয়ে বড় ঝুঁকি হলো বিরল ‘বুন্ডিবুগ্যো’ স্ট্রেনের উপস্থিতি, যার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো কার্যকর চিকিৎসা বা ভ্যাকসিন এখনো সীমিত।
ডব্লিউএইচও পরিস্থিতিকে ‘আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। তবে সংস্থাটি বলছে, এর মানে এই নয় যে করোনার মতো বৈশ্বিক মহামারির ঝুঁকি তাৎক্ষণিকভাবে তৈরি হয়েছে। তবুও দ্রুত নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি বলে তারা মত দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ডিআর কঙ্গোর অস্থির নিরাপত্তা পরিস্থিতি এবং সীমিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভাইরাস নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলছে। আক্রান্ত এলাকা থেকে মানুষ চলাচলের কারণে উগান্ডা, দক্ষিণ সুদান ও রুয়ান্ডার মতো প্রতিবেশী দেশেও ঝুঁকি বাড়ছে।
এরই মধ্যে উগান্ডায় দুইজনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে, যাদের একজন মারা গেছেন।
ইবোলা সাধারণত সংক্রমিত ব্যক্তির শরীরের তরল, রক্ত বা দূষিত বস্তু থেকে দ্রুত ছড়ায়। ফলে সঠিক স্বাস্থ্যবিধি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
এর আগে ২০০৭ ও ২০১২ সালে ‘বুন্ডিবুগ্যো’ স্ট্রেনের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, যেখানে মৃত্যুহার প্রায় ৩০ শতাংশ পর্যন্ত ছিল। ১৯৭৬ সালে প্রথম শনাক্ত হওয়ার পর কঙ্গোতে এটি নিয়ে একাধিকবার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, দ্রুত আন্তর্জাতিক সহায়তা ও কার্যকর নজরদারি বাড়ানো গেলে এই প্রাদুর্ভাব বড় আকারে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হতে পারে।
প্রতিবেদকের নাম 




















