প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, তৎকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল।
তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। এ কারণে রাষ্ট্রীয় সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে হয়েছিল তাদের।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘চুয়াত্তরের দুর্ভিক্ষ: স্বাধীনতা-পরবর্তী অর্থনৈতিক সংকট’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
সেমিনারে ড. তিতুমীর বলেন, একটি রাষ্ট্র যেভাবে পরিচালিত হওয়া প্রয়োজন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের সরকার তার কোনো বৈশিষ্ট্যই রক্ষা করেনি। তারা এমন সরকার গঠন করেছিল, যার সঙ্গে জনগণের ন্যূনতম সম্পর্কও ছিল না। এ কারণে নাগরিকদের দমন করতে প্যারামিলিটারি বাহিনী গঠন করা হয়েছিল।
তিনি আরও বলেন, ১৯৭২ সালে বিশ্ববাজারে প্রতি টন চালের দাম ছিল ১৪৭ ডলার। অথচ বাংলাদেশে এর দাম ছিল ৩১৬ ডলার। তাঁর মতে, এ থেকেই বোঝা যায়, সে সময় বাজার নিয়ন্ত্রণ ও জবাবদিহির ব্যবস্থা কার্যকর ছিল না। শুধু অর্থনীতি নয়, সরকার পরিচালনার প্রায় সব ক্ষেত্রেই তৎকালীন সরকার ব্যর্থ হয়েছিল।
তিতুমীর বলেন, রাষ্ট্র পরিচালনার সঙ্গে তৎকালীন শাসকদের কোনো সম্পৃক্ততা ছিল না। তাঁরা জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করতেন না।
১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনামলের সঙ্গে শেখ হাসিনার সরকারের তুলনা করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে তৎকালীন শাসকেরা মানুষের ওপর দমন-পীড়ন চালাতে পিছপা হতেন না। জনগণের কাছ থেকে তাঁদের বৈধতা ছিল না। শেখ হাসিনার ২০০৯ থেকে ২০২৪ সালের শাসনামলেও একই কায়দায় বিরোধী মত প্রকাশকারীদের দমন করা হতো। তাঁর ভাষ্য, শেখ হাসিনা সরকার মূলত ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনামলেরই সম্প্রসারণ ছিল।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, কেউ কেউ বলছেন, ডিসেম্বরে তাঁরা দেশে ফিরতে চান। কিন্তু এই দেশের মাটি, ঘাস, পানি ও মানুষের সঙ্গে তাঁদের কখনোই সম্পর্ক ছিল না। তাঁরা আর কখনো দেশে ফিরতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে আরও বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ, পানাম ইনস্টিটিউটের ট্রেজারার আসিফ ইকবাল এবং অর্থনীতিবিদ ও গবেষক ড. নাহিয়ান বিন খালেদ।
লেখক ও গবেষক তুহিন খানের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, আইনজীবী, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
প্রতিবেদকের নাম 























