বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সরকারি দলের সমালোচনা করে বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার ক্ষমতায় যাওয়ার পরই ভঙ্গ করা হয়েছে। সংসদ নির্বাচনের শপথ নিলেও গণভোটের শপথ না নেওয়ায় সরকারি দল জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
‘শপথের পরই ওয়াদা ভঙ্গ’
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।
তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসন এবং সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
মামুনুল হক বলেন, ঐক্যবদ্ধভাবে জাতির কাছে অঙ্গীকার করার পর নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় বসার আগেই এমপি হিসেবে শপথ নিয়েছে সরকারি দলের সদস্যরা। কিন্তু সংসদ নির্বাচনের শপথ নিলেও গণভোটের শপথ নেয়নি তারা।
তার ভাষায়, সরকারি দল শপথ নেওয়ার ছয় মিনিটের মধ্যেই জাতির সঙ্গে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে।
‘সংবিধান সংস্কার হলে আন্দোলনের প্রয়োজন হতো না’
মামুনুল হক বলেন, তারা লংমার্চ ও আন্দোলন করার সময় নানা ধরনের সমালোচনা হয়েছে। কিন্তু সরকার গঠনের ছয় মাসও না যেতেই বিরোধী দল আন্দোলন শুরু করেছে।
তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সেদিনের প্রস্তাব মেনে নিয়ে শপথ নেওয়া হলে এবং পরে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হলে এত দ্রুত আন্দোলনে যাওয়ার প্রয়োজন হতো না।
তার দাবি, সংবিধান সংস্কার না করে বারবার সংশোধন করা হলে তা স্থায়ী হয় না। পরবর্তী সময়ে আদালতের মাধ্যমে কিংবা নতুন সরকার এসে এসব সংশোধন বাতিল করে দিতে পারে।
‘ইসলামবিরোধী আইন হলে প্রতিহত করবে তৌহিদী জনতা’
ইসলামী শরিয়া আইন প্রসঙ্গে মামুনুল হক বলেন, ইসলামবিরোধী কোনো আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে তৌহিদী জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
যারা উপস্থিত ছিলেন
শরীয়তপুর জেলা খেলাফত মজলিসের আমির মাওলানা সাব্বির আহাম্মেদ উসমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা জালাল উদ্দিন আহামদ, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য সাইদ আহাম্মেদ হানজালা, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মাওলানা মুহম্মদ উল্লাহ এবং শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমীসহ অন্যরা।
প্রতিবেদকের নাম 


























