জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা ও ক্যান্সারে আক্রান্ত ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ফাতেমা তুজ জোহরার জন্য একটি উপযুক্ত চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর মাত্র দুই সপ্তাহ পর ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের শরীরে ক্যান্সার ধরা পড়ে। সাত মাস পর স্বামীকেও হারান তিনি। একের পর এক পারিবারিক বিপর্যয় এবং ক্যান্সারে আক্রান্ত সন্তানের ব্যয়বহুল চিকিৎসার কারণে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।
সে সময় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারটির পাশে দাঁড়ান এবং জিসানের চিকিৎসার সার্বিক সহযোগিতার ব্যবস্থা করেন। তৎকালীন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক এবং বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন সময় থেকেই তারেক রহমান নিয়মিত জিসানের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতেন। তাঁর তত্ত্বাবধানেই এখন পর্যন্ত জিসানের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 




















