জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য আখতার হোসেন আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য না দেখিয়ে চাঁদাবাজি ও সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শনিবারের সংঘর্ষে আহত এনসিপি নেতা দেলোয়ার হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
‘কোনো দলের আনুগত্য করার দরকার নেই’
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে আখতার হোসেন বলেন, ক্ষমতাসীন দলের কেউ হোক কিংবা অন্য কোনো দলের—চাঁদাবাজি ও সহিংসতার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের প্রত্যাশা হলো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলার অভিযোগ
আখতার হোসেন বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এলাকা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মারামারির ঘটনাও ঘটছে।
এমনকি মহিষ চালানোর জন্যও চাঁদা দাবির মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
দেলোয়ারের ওপর হামলা নিয়ে ক্ষোভ
দেলোয়ার হোসেনের ওপর হামলার প্রসঙ্গে এনসিপির সদস্যসচিব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে কোনো রাজনৈতিক নেতা কিংবা সাধারণ মানুষকে এভাবে হামলার শিকার হতে হতো না।
তার ওপর হামলার মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরেকটি চিত্র সামনে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান আখতার হোসেন।
‘জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’
নির্বাচনের পর ছয় মাস পেরিয়ে গেলেও দেশের বিভিন্ন ক্ষেত্রে অবনতির চিত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন আখতার হোসেন।
তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারি ও সংঘাতের এমন পরিবেশ জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ভুক্তভোগীর পাশে দাঁড়ানোর আহ্বান
আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে আখতার হোসেন বলেন, রাজনৈতিক বা অরাজনৈতিক যে কারণেই কোনো মানুষ আক্রান্ত হন না কেন, সরকারকে ভুক্তভোগীর পাশে দাঁড়াতে হবে।
একই সঙ্গে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিবেদকের নাম 
























