রাজবাড়ী বাজারে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তাকে মারধরের ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীর নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা রাজবাড়ী বড় বাজারের ‘কাপড় বাজার’ এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা বাজার কমিটির নেতাদের পাশাপাশি ঘটনার দিন দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।
তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (অপারেশন) শাকিলা সুলতানা এবং রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক।
তদন্ত কমিটির সভাপতি মো. সাইফুজ্জামান ফারুকী বলেন, কয়েকদিন আগে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পেছনের কারণ এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ করছে।
তিনি বলেন, ঘটনার সময় পুলিশের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা ছিল কি না, সেটিও তদন্ত করা হবে। নারী উদ্যোক্তাকে পুলিশ ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় কীভাবে হামলার ঘটনা ঘটল, ঘটনাস্থল থেকে মার্কেট ও প্রধান সড়কের দূরত্বসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হচ্ছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ফেসবুক আইডি থেকে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে, সেগুলো শনাক্তে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট কাজ করছে বলেও জানান তিনি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত ডিআইজি জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন ঢাকা রেঞ্জের ডিআইজির কাছে জমা দেওয়া হবে।
এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 

























