ন্যাটো সম্মেলনে অংশ নিতে কাতারের উপহার হিসেবে পাওয়া নতুন সংস্কার করা প্রেসিডেন্সিয়াল বিমানে তুরস্ক সফর করলেও ফেরার পথে সেটি ব্যবহার করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিবর্তে তিনি পুরোনো ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন। এ ঘটনাকে ঘিরে নতুন বিমানটির নিরাপত্তা সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তুরস্ক থেকে যুক্তরাজ্যের ইংল্যান্ডের মিলডেনহল বিমানঘাঁটিতে পৌঁছানোর পর ট্রাম্প আবার নতুন বিমানে উঠে ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে সফরের শেষ মুহূর্তে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন সিক্রেট সার্ভিসের পরামর্শেই পুরোনো বিমান ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল বলে জানা গেছে।
এদিকে নতুন প্রেসিডেন্সিয়াল বিমানটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নও উঠেছে। সমালোচকদের মতে, দ্রুত ব্যবহারের উপযোগী করতে গিয়ে বিমানটিতে প্রয়োজনীয় সব প্রতিরক্ষা প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি সংযোজন করা সম্ভব হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ও অন্যান্য নিরাপত্তা প্রযুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন কয়েকজন আইনপ্রণেতা ও সংশ্লিষ্ট কর্মকর্তা।
তবে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং এক বিবৃতিতে বলেন, নতুন এয়ার ফোর্স ওয়ান অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এবং এতে প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উচ্চমানের ব্যবস্থা রয়েছে।
তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই বিভিন্ন নিরাপত্তা হুমকির মুখে রয়েছেন। তাই সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বিভ্রান্তিমূলক কৌশলসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত ব্যবহার করা হয়।
অন্যদিকে নিরাপত্তা সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন বিমানটিতে এখনও পুরোনো এয়ার ফোর্স ওয়ানের সব প্রতিরক্ষা সুবিধা যুক্ত হয়নি। তবে তাদের মতে, তুরস্ক থেকে ফেরার সময় বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নির্দিষ্ট কোনো হামলার আশঙ্কার কারণে নয়; এটি ছিল সম্পূর্ণ সতর্কতামূলক পদক্ষেপ।
এদিকে ট্রাম্প নিজে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, নতুন বিমানটি আগেই যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল, যাতে সেখানে অবস্থানরত মার্কিন সেনারা সেটি ঘুরে দেখার সুযোগ পান। তিনি বিমানটিকে ‘অসাধারণ’ বলেও মন্তব্য করেন।
তবে আঙ্কারায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প স্বীকার করেন, তিনি ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছেন বলে তাকে জানানো হয়েছে। এ কারণেই তার নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
সফর শেষে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময়ও ছিল কড়াকড়ি নিরাপত্তা। সফরসঙ্গী সাংবাদিকদের স্বাভাবিক নিয়মে ছবি তোলার সুযোগ দেওয়া হয়নি। উড্ডয়নের আগে যাত্রীদের জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। পরে বিমানটি ইংল্যান্ডের মিলডেনহল ঘাঁটিতে অবতরণ করলে সেখান থেকে ট্রাম্প নতুন প্রেসিডেন্সিয়াল বিমানে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন।
বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে নতুন এয়ার ফোর্স ওয়ানের নিরাপত্তা সক্ষমতা, আধুনিকায়ন এবং পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।
প্রতিবেদকের নাম 

























