
তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তাজা গুলিসহ একটি ব্যক্তিগত রিভলবার উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার (৯ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, আঙ্কারায় আয়োজিত এ সম্মেলনে অংশ নেওয়া প্রতিটি রাষ্ট্র ও সরকারপ্রধানকে একই ধরনের আগ্নেয়াস্ত্র উপহার দেওয়া হয়। প্রতিটি রিভলবারে সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল।
তবে স্টারমারের নামে খোদাই করা রিভলবারটি যুক্তরাজ্যে নেওয়া হয়নি। বর্তমানে এটি তুরস্কে অবস্থানরত ব্রিটিশ কর্মকর্তাদের কাছে সংরক্ষিত রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যে পাঠানোর আগে অস্ত্রটি নিষ্ক্রিয় করা হবে, যাতে তা দিয়ে আর গুলি ছোড়া সম্ভব না হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এ উপহার দেওয়ার ক্ষেত্রে তুরস্কের রপ্তানি নিয়ন্ত্রণ আইন শিথিল করা হয়েছিল। তবে যথাযথ অনুমতি ছাড়া তাজা আগ্নেয়াস্ত্র যুক্তরাজ্যে আমদানি করা অবৈধ হওয়ায় সেটি তুরস্কেই রাখা হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট কোনো ছবি প্রকাশ করেনি।
সম্মেলনের ফাঁকে কিয়ার স্টারমার ও প্রেসিডেন্ট এরদোয়ান একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানে আরও সহযোগিতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সম্মেলন শেষে স্টারমার এক বিবৃতিতে বলেন, এ আয়োজন ন্যাটো জোটকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করেছে। তিনি জানান, ইউক্রেন ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জোটের ঐক্য ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, গত মাসে কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেন। ফলে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এটিই ছিল তার শেষ বড় আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ।
প্রতিবেদকের নাম 




















